কাগজের বাক্স থেকে ৫ নবজাতকের দেহাবশেষ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়ি থেকে কাগজের বাক্সে রাখা পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী ওই বাড়িতে সন্তান প্রসব করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার সঙ্গে থাকা এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়িতে থাকা সন্দেহজনক একটি ঘটনার কথা জানান।
ওই ব্যক্তি দাবি করেন, তিনি অনেক দেরিতে জানতে পারেন যে ওই নারী গর্ভবতী ছিলেন। বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান। এরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাড় পরীক্ষা করে একজন ফরেনসিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে ধারণা দেন, সেগুলো পাঁচ নবজাতকের দেহাবশেষ হতে পারে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শারীরিক অবস্থার কারণে এখনো ওই নারীর সঙ্গে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এছাড়া তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে।
মঙ্গলবারও ঘটনাস্থলে পুলিশের তৎপরতা দেখা গেছে। দুইতলা বাড়িটির প্রবেশপথ লাল নিরাপত্তা ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ফ্রান্সে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয়, মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে ফরেনসিক পরীক্ষা ও বিস্তারিত তদন্ত চলছে।