শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি জানিয়েছেন, পুলিশ গ্রেপ্তার না করলে আগামী রোববার অথবা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।

বুধবার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওই মামলায় এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও পুলিশ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, সকালে তিনি জানতে পারেন যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশসংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি বলেন, আত্মগোপনে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। তাই আদালতে হাজির হয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার না করলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন।

গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

একই বছরের ৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলেও আপিল বেঞ্চ সেই জামিন বহাল রাখেন। এরপর তারা কারামুক্ত হন।

এদিকে, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970