মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের পাশে প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুলের মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানো কিশোর তাহসিন আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাহসিন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন। জবাবে তাহসিন জানায়, ভবিষ্যতে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসিনের একটি হাস্যোজ্জ্বল ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে দুই হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের উচ্ছ্বসিত মুহূর্তটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক হৃদয়বিদারক স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বড় বোন তাসনিয়াকে হারায় তাহসিন। একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও দুর্ঘটনার দিন তারা আলাদা ভবনে ছিল। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়ার ভবনে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ওই দুর্ঘটনার পর প্রাণখোলা হাসি যেন হারিয়ে ফেলেছিল তাহসিন। এক হিলিং সেশনে নিজের অনুভূতি প্রকাশ করে সে লিখেছিল, “আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। ও আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি ওকে অনেক মিস করি।”

পরে তাহসিনের ভাইরাল ছবি এবং তার জীবনের এই বেদনাদায়ক ঘটনার কথা প্রধানমন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানার পর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন সুযোগ পাবে, তা কখনও ভাবেনি। স্কুলে গিয়ে বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার কথা জানানোর জন্যও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখার সুযোগও হয়েছে তার। সেখানে রাখা বিভিন্ন গাড়ি ও জাহাজের প্রতিরূপ তাকে মুগ্ধ করেছে। পাশাপাশি বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তুলেছে সে।

এ সময় মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানোর বেদনায় শোকাহত তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970