জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:১১ পিএম
জুলাই আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা আবদুর রহমান বদির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবদুর রহমান বদিকে জামিন প্রদান করেন। পরে ওই জামিন আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর ধারাবাহিকতায় ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।