পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সীমান্তে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর যেকোনো প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে প্রতিহত করছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম বন্ধ করতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে ১২ থেকে ১৩টি চিঠি পাঠিয়েছে। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এসব প্রচেষ্টা মোকাবিলা করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই ভারতকে পদক্ষেপ নিতে হবে। নিয়মবহির্ভূত পুশইন দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে নারী, শিশু ও বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্তে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।
পুশইন ইস্যুর মধ্যেই সোমবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।