হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা আজ, ঢাকায় নিরাপত্তা জোরদার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা আজ। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের দিন নির্ধারিত হতে যাচ্ছে আজ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আলোচিত মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।

প্রসিকিউশন অভিযোগ করেছে, বিচার কার্যক্রম বানচালের উদ্দেশ্যে আওয়ামী লীগ দেশে-বিদেশে সক্রিয়ভাবে অপচেষ্টা চালাচ্ছে। এমনকি বিদেশে অবস্থানরত দলটির কিছু নেতাকর্মীও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছেন। এরই মধ্যে গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব নাশকতামূলক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রায়কে কেন্দ্র করে সুপ্রিমকোর্ট এলাকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিমকোর্ট বার ভবন এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মামলার শুনানিতে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকানি দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন। এ মামলায় শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে উঠে এসেছে জুলাইয়ের গণহত্যা, গুম-খুন এবং আওয়ামী লীগ সরকারের সময়ের নির্যাতনের নানা ভয়াবহ চিত্র।

প্রসিকিউশন জানায়, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। তারা শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970