পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলে জানা গেছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, নূর খান বিমানঘাঁটিটি ইসলামাবাদে আগত গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সম্ভাব্য সফরকে ঘিরেই এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছয়টি বিমানের মধ্যে অন্তত দুটি সোমবার অবতরণ করেছে। বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদলটি সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, আগের মতো এবারও প্রতিনিধিদলে ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার রয়েছেন।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে তেহরান আলোচনায় অংশ নেবে না।
বিশ্লেষকদের মতে, সোমবার মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকে ইরানের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা