‘ফেস দ্য পিপল’-এর সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত করছে পিবিআই
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম
অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক ও প্রকাশক শাইফুর রহমান (সাইফুর সাগর) এবং প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে পিবিআই।
মামলার নথি অনুযায়ী, গত ৫ জুলাই মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে দায়িত্ব দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘ফেস দ্য পিপল’-এ একটি প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে অভিযুক্ত দুই সাংবাদিক মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে যান। এ সময় তারা একটি প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা, ফাউন্ডেশনের পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা এবং সংস্থাটির কার্যক্রম নিয়মিত প্রচারের জন্য মাসিক ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অর্থ দিতে অস্বীকৃতি জানানো হলে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়।
মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের দাবি, গত ২৮ জুন ‘ফেস দ্য পিপল’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে ফাউন্ডেশনটির মানহানি করা হয়েছে। এতে সংস্থাটির প্রায় ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মামলার আবেদনে বলা হয়েছে, শাইফুর রহমান (সাইফুর সাগর)-এর বিরুদ্ধে এর আগেও তার পরিচালিত অনলাইন সংবাদমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর বিরুদ্ধে অপতথ্য প্রকাশ, মানহানি এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছিল।