হাদির হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির দাবি আলোচিত বই বিক্রেতা টিপু সুলতানের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন আলোচিত বই বিক্রেতা টিপু সুলতান। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি জানান।
টিপু সুলতান বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। বিচার না হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। তিনি দাবি করেন, হত্যাকারীদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে শাহবাগে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো বিপ্লবীকে হত্যা করার সাহস না পায়।
ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সকাল থেকেও শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।
শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের একপর্যায়ে রাজধানীতে কয়েকটি সংবাদমাধ্যমের ভবনে হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে শুক্রবার দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশিত হয়নি।
এদিকে ওসমান হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকার শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।