হাদি হত্যা মামলায় অভিযুক্ত শুটার ফয়সালের নামে রয়েছে ১৭ সিম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের নামে ১৭টি সক্রিয় সিম কার্ড থাকার তথ্য পাওয়া গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদি হত্যাকাণ্ড সারাদেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্তের প্রাথমিক তথ্যে উঠে এসেছে, মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ একাধিক মোবাইল নম্বর ব্যবহার করছিলেন, যার মধ্যে ১৭টি সিম বর্তমানে সক্রিয় রয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) দ্রুত বাস্তবায়ন এবং একজন গ্রাহকের নামে সিম ব্যবহারের সংখ্যা সীমিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিকভাবে কমানো এবং অবৈধ স্টক লট বৈধকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবিগুলো মেনে নেওয়ার ফলে এনইআইআর বাস্তবায়নের প্রক্রিয়া সহজ হয়েছে। সরকার এখন এই ব্যবস্থা কার্যকরের জন্য পুরোপুরি প্রস্তুত।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনও পলাতক রয়েছে।
এদিকে, আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন।