ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচন ভবনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

আইনজীবীদের শুনানি শেষে কমিশন দুপুরে আধাঘণ্টার জন্য কার্যক্রম মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। এতে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য অপেক্ষমাণ এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাবিথ আউয়াল তার বাবা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ‘ব্লাডি সিটিজেন’ বলে অপমান করেছেন। পাশাপাশি বল প্রয়োগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করে তিনি ইসির কাছে রুলিং দাবি করেন।

শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা রাজনৈতিক এলিটিসিজম দেখাতে চান, তারা যেন তা বাসায় রেখে বের হন। ‘ব্লাডি সিটিজেন’ বলে গালি দিয়ে আবার মানুষের ভোট চাওয়া যায় না।

আব্দুল আউয়াল মিন্টুর সমালোচনা করে তিনি আরও বলেন, বিদেশে টাকা পাচারকারী এলিট শ্রেণি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসা রক্ষা করেছে। রক্তের ওপর দাঁড়িয়ে যারা ব্যবসা করে, এমন লোকদের চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, স্বয়ং নির্বাচন কমিশনের সামনে এ ধরনের আচরণ অত্যন্ত অগ্রহণযোগ্য। এতে অন্য প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন এনসিপির এই প্রার্থী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970