ছাগলকাণ্ডে নতুন করে মতিউরের দেড় কোটি টাকার সম্পত্তি জব্দ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা যায়। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন সম্পত্তি জব্দের আবেদন করেন।
আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা। আদালত সূত্র জানায়, প্লটগুলোর বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তের সময় এসব সম্পদের তথ্য পাওয়া যায়। পাশাপাশি সংস্থাটি বিশ্বস্ত সূত্রে জানতে পারে, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্পদ স্থানান্তর ঠেকাতে জব্দের আদেশ প্রয়োজন হয়।
এর আগে তিন ধাপে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ৩৩ একর জমি জব্দের নির্দেশ দেন আদালত। এছাড়া অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমান, তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক।