মির্জা আব্বাসকে সভাপতি করে নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন সেল গঠন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

ছবি: সংগৃহীত

দেশের নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করতে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে। গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সেলটির কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে।

৮ সদস্যের এ সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়–এর সচিবকে করা হয়েছে সদস্য সচিব।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী, খাল ও জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন, খনন কার্যক্রম পর্যালোচনা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে তাদের ওপর। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970