‘জুলাই সুরক্ষা’ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী 

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রণীত ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত চারটি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উপস্থাপন করা হবে।

বুধবার বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু অধ্যাদেশ বর্তমান অবস্থায়ই বিল আকারে পাস করা হবে, কিছুতে প্রয়োজনীয় সংশোধন এনে সংসদে তোলা হবে এবং যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলো বাতিল হয়ে যাবে। প্রয়োজনে সেগুলো ভবিষ্যতে নতুন করে উত্থাপন করা হবে।

তিনি আরও জানান, অধ্যাদেশ পর্যালোচনায় ‘জুলাই জাতীয় সনদ’ এবং সাংবিধানিকতা—এই দুটি বিষয়কে প্রধান ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত জনগণের প্রত্যাশা এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী নতুন আইন পাসের আগে পুরোনো অধ্যাদেশগুলো অনুমোদন করানো প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না সৃষ্টি হয়।

বৈঠকে অধিকাংশ অধ্যাদেশ নিয়ে আলোচনা শেষ হলেও দুর্নীতি দমন কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৯ মার্চ রাতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

‘জুলাই সুরক্ষা’ প্রসঙ্গে তিনি বলেন, এটি আগের বৈঠকেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল। কমিটির সব সদস্য একমত হওয়ায় এতে কোনো সংশোধনের প্রয়োজন হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970