সময় সংকটে দিনে দুই বেলা সংসদ অধিবেশন, সকাল সাড়ে ১০টায় শুরু প্রথম পর্ব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম
সময় স্বল্পতার কারণে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকে সকাল ও বিকেল—দুই সেশনেই সংসদের কার্যক্রম চলবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল সাতটি বিল পাস করা হয় এবং একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়। তবে এসব বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১২ তারিখের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে সময়ের চাপ সামাল দিতে দিনে দুই বেলা অধিবেশন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুলসংখ্যক বিল পাসের কাজ দ্রুত শেষ করতে প্রতিদিন দুই সেশনে অধিবেশন পরিচালনা করা হবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে সংসদে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়েছে। এসব বিলের মধ্যে সাতটি ইতোমধ্যে পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনার জন্য অপেক্ষমাণ রয়েছে।