জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউএনএফআইসিওয়াইপির নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সদ্য পদোন্নতি পাওয়া এই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে এ মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
৮ এপ্রিল জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, লে. জে. মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী কমান্ডারের অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মহাসচিব।
বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মিনহাজুল আলম নেতৃত্ব ও কমান্ড পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি সন্ত্রাসবিরোধী কার্যক্রম, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গোয়েন্দাভিত্তিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে সেক্টর কমান্ডার এবং পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একজন উচ্চশিক্ষিত সেনা কর্মকর্তা হিসেবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে জাতীয় নিরাপত্তা কৌশলে স্নাতকোত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এটিকে দেশের জন্য গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।