জাতীয় সংসদে একদিনে ২০টি বিল পাস, উন্নয়ন ও সংস্কার আইন অনুমোদন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
জাতীয় সংসদে শুক্রবার একদিনেই মোট ২০টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে এসব বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
দিনের সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়। এরপর বাকি বিলগুলোও সংসদে একে একে পাস করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অন্তর্বর্তী সময়ে জারি হওয়া মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে আরও শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কিত বিল। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন বিল, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, আমানত সুরক্ষা বিল, এক্সাইজ ও লবণ বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল এবং বাংলাদেশ ব্যাংক সংশোধন বিলও পাস হয়।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিলের মধ্যে ছিল ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বিল এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কিছু আইন সংশোধন বিল।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল ও সাইবার সুরক্ষা বিল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিলও পাস হয়।
এছাড়া মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিলও সংসদে অনুমোদিত হয়।