মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৩০ এএম
দিনব্যাপী সফরের অংশ হিসেবে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। পরে সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজারে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলে এবং দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন, যা এ সফরের অন্যতম প্রধান কর্মসূচি।
অনুষ্ঠান শেষে বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে স্বল্প সময় বিশ্রাম নেওয়ার পর একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মৌলভীবাজার জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।