শহীদ জিয়ার মাজারে ফুল দিতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সামনে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা ধস্তাধস্তি ও হাতাহাতির রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইশরাক হোসেন নিজেই এগিয়ে এলে তাকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য পেছন থেকে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনায় ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা শুরু হলেও, এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।