এবার এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন।
পোস্টে ডা. মিতু জানান, একটি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, শুরুতে সবাইকে উদ্বিগ্ন না করতে বিষয়টি প্রকাশ করেননি। তবে জোটের নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার পর হুমকির মাত্রা বেড়েছে।
ডা. মাহমুদা মিতু আরও জানান, তিনি এসব হুমকিতে ভীত নন এবং অন্যদেরও বিচলিত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, হুমকিদাতারা এআই ভিডিও, সম্পাদিত ছবি কিংবা ভুয়া কনটেন্ট ব্যবহার করতে পারে। এ বিষয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।