চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে পৌঁছালেন এনসিপি নেতারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
হবিগঞ্জে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে একাধিক বাধার মুখে পড়েও বাহুবল পর্যন্ত পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, তারা চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে এগিয়ে যাচ্ছেন।
মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি। এ কর্মসূচিতে অংশ নিতে নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ও দলীয় কর্মীরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তবে পথে বিভিন্ন স্থানে তাদের বহর আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছে দলটি।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশি বাধার মুখে এনসিপির নেতারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও তারা সেখানে অবস্থান অব্যাহত রাখেন।
এনসিপির নেতাদের ভাষ্য, বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর থামিয়ে দেওয়া হয়।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিকেল ৫টা পর্যন্ত তিনটি স্থানে তাদের কর্মসূচিতে যেতে বাধা দেওয়া হয়েছে। তার দাবি, প্রথমে পুলিশি বাধা, পরে সড়কে ট্রাক দাঁড় করিয়ে চাকা পাংচার করা এবং সর্বশেষ ট্রাক্টর রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে নাহিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে জানান, তারা চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে এগিয়ে চলেছেন।
অন্যদিকে শ্রীমঙ্গল থানার তদন্ত পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, নেতাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই তাদের গাড়িবহর সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল। তবে তারা পুলিশের পরামর্শ না মেনে শ্রীমঙ্গল অতিক্রম করে চলে গেছেন।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারি থাকায় বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউজে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির নেতারা সেখানে পৌঁছাতে পারেননি।
এনসিপির বহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।