‘ভারতের সঙ্গে গোপন বৈঠক’ শীর্ষক সংবাদের তীব্র নিন্দা জানালেন জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
ভারতের সঙ্গে গোপন বৈঠক হয়েছে- এমন দাবিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রকৃত তথ্য না জেনে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা অনভিপ্রেত এবং ভবিষ্যতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ বক্তব্য দেন। তিনি জানান, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যোগাযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেছেন।
জামায়াত আমির বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেক শুভানুধ্যায়ী ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং সবার মতো তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য কূটনীতিকদের আগমনের বিষয়টি যেভাবে প্রকাশ্যে জানানো হয়েছে, একইভাবে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের বিষয়টিও প্রচারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ জানান। জামায়াত আমির স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা প্রকাশ্যে জানানো হবে এবং এখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।
ডা. শফিকুর রহমান বলেন, কিছু দেশীয় গণমাধ্যম এ ঘটনাকে ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপন করায় তিনি বিস্মিত। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সত্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।