ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশে বলেন, ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত, যা সৎ ও দায়িত্বশীল ব্যক্তির হাতে দেওয়া উচিত। তিনি সতর্ক করেন যে, খেয়ানতকারীর হাতে ভোটের এই আমানত তুলে দিলে তার দায়ও ভোটারদের উপর বর্তাবে।

গোলাম পরওয়ার বলেন, “ভোট মানেই শক্তি। একজন রিকশাচালকের ভোটের মূল্য যেমন সমান, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্যও সমান। যদি এই শক্তি অসৎ, চাঁদাবাজ বা নেশাখোরের হাতে চলে যায়, তাহলে তারা জনগণের ওপর জুলুম, ত্রাণের অর্থ লুটপাট ও চাঁদাবাজি করতে পারে। এমন পরিস্থিতিতে দায় ভোটারকেও অংশগ্রহণকারী হিসেবে ধরা হবে।”

তিনি আরও বলেন, সৎ ও আল্লাহভীরু মানুষকে ভোট দিলে তারা জনগণের কল্যাণে কাজ করবে এবং নেক কর্মের অংশীদার হিসেবে ভোটাররাও উপকৃত হবেন। সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ৩০০ আসনের সংসদেই দেশের আইন তৈরি হবে এবং সেই আইন অনুযায়ী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নেতৃত্ব নির্ধারণ করা হবে। তাই ১৫০-এর বেশি আসনে সৎ ও দ্বীনদার সদস্য নির্বাচিত হলে দেশের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব।

জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামসহ মোট ১২টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কখনো চুরি, দুর্নীতি ও জুলুমমুক্ত শাসন দিতে পারেনি।

গোলাম পরওয়ার আরও বলেন, “এবার আমরা শুধু মসজিদ, মাদরাসা ও জানাজায় আলেমদের সীমাবদ্ধ রাখবো না। যারা মসজিদের ইমাম হবে, তারাই রাষ্ট্রের নেতৃত্বও দিবে।” তিনি দেশের কল্যাণ এবং জাতিকে খেয়ানত থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

দিনব্যাপী ডুমুরিয়ায় অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970