বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে শিরক করাচ্ছে: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের বক্তব্যকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাম উল্লেখ না করেই তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। এতে তারা শুধু মানুষকে প্রতারণা করছে না, মুসলমানদের শিরকির দিকেও ঠেলে দিচ্ছে—নাউজুবিল্লাহ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই জনসভার মধ্য দিয়ে সিলেট থেকে বিএনপির নির্বাচনি যাত্রা শুরু হয়।

বক্তব্যের একপর্যায়ে জনসভায় উপস্থিত এক ব্যক্তিকে মঞ্চে ডেকে এনে ধারাবাহিক প্রশ্ন করেন তারেক রহমান। তিনি জানতে চান, কাবা শরিফের মালিক কে—জবাবে আসে, আল্লাহ। এরপর পৃথিবী, সূর্য-নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে—প্রতিবারই উপস্থিত জনতার কণ্ঠে উচ্চারিত হয়, আল্লাহ।

এ সময় তারেক রহমান বলেন, যেটার মালিক আল্লাহ, সেটি দেওয়ার ক্ষমতা কি অন্য কারও আছে? নেই। অথচ নির্বাচনের আগে একটি দল বলছে—এই দেব, ওই দেব, টিকিট দেব। যেটার মালিক মানুষ নয়, সেটার প্রতিশ্রুতি দেওয়া শিরকির শামিল কি না—এই প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচনের আগেই যদি মানুষকে ঠকানো হয়, তাহলে নির্বাচনের পরে কী হবে তা সহজেই অনুমেয়।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এসব বক্তব্যের মাধ্যমে একটি দল মুসলমানদের শিরকির দিকে ঠেলে দিচ্ছে। তিনি জনগণকে এসব বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এরপর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই সময় কারা কী ভূমিকা পালন করেছে, তা বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখে নিয়েছে। যুদ্ধের সময় যাদের কারণে লাখো মানুষ শহীদ হয়েছেন এবং মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন, ইতিহাস তাদের বিচার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে তিনি বলেন, কুফরি, হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণকে “টেক ব্যাক বাংলাদেশ” আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970