আবু সাঈদদের রেখে যাওয়া আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করব: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ আবু সাঈদেরা জীবন দিয়ে যে আমানত জাতির হাতে তুলে দিয়ে গেছেন, তা রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিতে প্রস্তুত। শহীদদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি স্বাধীন বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারও কাছে বন্ধক দেওয়া হবে না। যেভাবে শহীদ আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলেন, সেভাবেই প্রয়োজনে আমরাও বুক পেতে দিতে প্রস্তুত।

কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তিনি শহীদ আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

পরে গণমাধ্যমে ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, কঠিন সময়, দমন-পীড়ন কিংবা যেকোনো সংকটেও জামায়াতে ইসলামী জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অন্যায়ের কাছে মাথা নত না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জীবন চলে গেলেও অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

তিনি আরও বলেন, পরিস্থিতি যত কঠিনই হোক, জনগণকে ছেড়ে পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। সবসময় জনগণের পাশেই জামায়াতে ইসলামী থাকবে।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন জামায়াত আমির। পরে তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সকাল ১০টায় আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেন।

দুপুর ১২টায় বগুড়া শহর এবং দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর উপজেলায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর ও বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলায় পৃথক জনসভায় অংশ নেবেন তিনি।

সিরাজগঞ্জের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা জেলায় এক সমাবেশে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণা শেষ করবেন জামায়াত আমির। এসব জনসভায় তিনি দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় বক্তব্য রাখবেন।

সমাবেশ শেষে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জামায়াতে ইসলামীর মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970