নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। অভিযোগের জবাবে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিয়েছিলেন। এরপরও বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলায় তিনি ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নেন।
আসিফ মাহমুদ বলেন, শুরুতে শুধু নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের কথা ভাবলেও পরে স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার হিসাবও উন্মুক্ত করেন, যাতে কোনো বিভ্রান্তি না থাকে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের মধ্যে এখনও ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বাকি রয়েছে। হিসাব অনুযায়ী, দেনা বাদ দিলে তিনি প্রায় ৮২ হাজার টাকার মতো ঋণগ্রস্ত।
এছাড়া তার মায়ের একমাত্র ব্যাংক হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা। আসিফ মাহমুদের নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। একটি সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, যেখানে জমা আছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার বেতনভিত্তিক অ্যাকাউন্ট, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন বেতন ও ভাতা জমা হতো।
তিনি জানান, ১৬ মাস দায়িত্ব পালনকালে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন ও ভাতা এই অ্যাকাউন্টে জমা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সবমিলিয়ে তার দুই অ্যাকাউন্টে মোট জমা রয়েছে প্রায় ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।