জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশে অবস্থানরত ১৮ হাজারের কাছাকাছি বাংলাদেশি ভোটার ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা অ্যাপের মাধ্যমে ভোট নিবন্ধন করছেন। অ্যাপ চালুর পর রবিবার রাত ৮টা পর্যন্ত মোট ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।

দেশভিত্তিক সংখ্যায় দক্ষিণ কোরিয়া থেকে সবচেয়ে বেশি ৭ হাজার ৭৬৮ জন, জাপান থেকে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ২ হাজার ৩১১ জন ও চীন থেকে ১ হাজার ২৮৯ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটিংয়ের সময়সূচি ঘোষণা করা হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৪–২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের জন্য নিবন্ধন চলবে। ২১ নভেম্বর–৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে (সৌদি আরব ছাড়া) পোস্টাল ভোট নিবন্ধন গ্রহণ করা হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) চালু হওয়া দেশের নির্বাচনি প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি। পাশাপাশি আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) প্রক্রিয়ার আওতায় প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বাড়তি দায়িত্ব থাকলেও প্রস্তুতি সঠিকভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970