কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে মারধরের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রুবেল মিয়া ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের পারিবারিক কলহ চলছিল। গত বুধবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান।
অভিযোগ অনুযায়ী, সেখানে যাওয়ার পর স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে রুবেল মিয়াকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। পরে শনিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা আব্দুল জলিল বলেন, তার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।