কুড়িগ্রামকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিপি নেতা আতিক মুজাহিদ
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেছেন, “আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। কুড়িগ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন চাই। আমরা দারিদ্র্যসীমার নিচে নয়, সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে চাই।”
রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর চরাঞ্চলে “চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন” শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, “যদি আপনারা আমাকে কুড়িগ্রাম-২ (নির্বাচনী এলাকা ২৬) আসন থেকে সংসদে পাঠান, আমি প্রথমেই চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট নিয়ে কথা বলব। চরবাসীর সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে যা যা করা দরকার, আমি তা-ই করব।”
তিনি আরও বলেন, রাজনীতি তাঁর পেশা নয়, বরং মানুষের কল্যাণে পাশে থাকার একটি সুযোগ। সেই সুযোগ পেলে কুড়িগ্রামের দীর্ঘদিনের অবহেলিত মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
ড. মুজাহিদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি সংসদে সবার আগে কুড়িগ্রামকে গুরুত্ব দিয়ে তুলে ধরব। অবহেলিত এই জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।”
চরাঞ্চলের মানুষের দুর্দশা নিরসনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। চরাঞ্চলের শতাধিক সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।
ড. আতিক মুজাহিদের নেতৃত্বে আয়োজিত এই চর সমাবেশে স্থানীয় জনসাধারণ আশাবাদ ব্যক্ত করেন— তাঁর মতো সচেতন ও জনদরদী নেতৃত্ব কুড়িগ্রামকে দারিদ্র্য ও বঞ্চনা থেকে মুক্ত করে উন্নয়নের নতুন দিগন্তে নিয়ে যাবে।