হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা-গাড়ি ভাঙচুর, সারজিসসহ আহত অনেকে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। হামলার সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে এনসিপি।

ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ভূমিকা পালন করেননি। হামলাকারীরা তাদের গণমাধ্যম দলের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং চালক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরাও আহত হন। কারও হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় যারা সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জানান, কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সমাবেশ শেষ করে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় থানার মোড় এলাকায় বহরের ওপর হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম একটি ব্যাংকে আশ্রয় নেন।

অন্যদিকে, হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, হবিগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। বাইরে থেকে আসা কিছু ব্যক্তির উস্কানিমূলক বক্তব্যের জেরে উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না বলে দাবি করেন তিনি।

রিংগন আরও বলেন, উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনতার প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, এনসিপি নিজেদের প্রচারের জন্য ছাত্রদলের নাম জড়াচ্ছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970