আবারও বাড়ল সোনার দাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ এএম
টানা দুই দফা বাড়ার পর এক দফা কমেছিল সোনার দাম। তবে দেশের বাজারে আবারও সোনার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন করে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে এ দাম।
নতুন দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে ২ ডিসেম্বর সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৫৭ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন নেই। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে।