বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি: ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল চালু রয়েছে এবং তিনি নিজে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নতুন সম্পর্কের সমীকরণ ভারতের জন্য কোনো হুমকি কি না—এ বিষয়ে প্রশ্ন তোলেন।

জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে কী ধরনের সরকার রয়েছে, সেটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তবে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি—তা বিবেচনায় নিতে হবে। এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে তিন বাহিনীর সব যোগাযোগ চ্যানেল সম্পূর্ণভাবে খোলা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য চ্যানেলের মাধ্যমেও পারস্পরিক যোগাযোগ বজায় রয়েছে। এর অংশ হিসেবে ভারতীয় একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও নিজেদের মধ্যে যোগাযোগ করেছেন।

ভারতের সেনাপ্রধান আরও বলেন, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি এড়ানো। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে তিন বাহিনীর নেওয়া কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে নয়। সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা ভারতসহ অন্যান্য দেশও অনুসরণ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে পাকিস্তানকে আবারও সতর্ক করেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এই অভিযান এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে তার কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’ ছিল রাজনৈতিক নির্দেশনায় তিন বাহিনীর সমন্বয়ের একটি সফল উদাহরণ, যেখানে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970