প্রেসিডেন্টের চেয়ে বিপজ্জনক পেশা কল্পনা করা কঠিন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পেশাগুলোর একটি বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের সময় বন্দুক হামলার ঘটনার পর তিনি এ মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে বিবিসি।
ট্রাম্প বলেন, “প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে বলে আমি মনে করি না। যদি আগে জানতাম এই পদ এতটা ঝুঁকিপূর্ণ, তাহলে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।”
প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে তৃতীয়বারের মতো বন্দুক হামলার ঝুঁকির মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ায় এক হামলার ঘটনায় তিনি লক্ষ্যবস্তু হয়েছিলেন। ওই ঘটনা তার জীবনে বড় একটি মোড় হিসেবে বিবেচিত হয়।
এছাড়া বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই ধরনের আরেকটি ঐতিহাসিক হামলার ঘটনা ঘটেছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর। ১৯৮১ সালের ৩১ মার্চ ওয়াশিংটনের একটি হোটেলের বাইরে গুলিবর্ষণের শিকার হন তিনি।
ওই হামলায় রোনাল্ড রিগ্যান গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। গুলির আঘাতে তার ফুসফুসে ক্ষতি হয় এবং একটি পাঁজরের হাড় ভেঙে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
হামলায় তৎকালীন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডিও গুরুতর আহত হন এবং পরবর্তীতে আজীবন শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারী জন হিঙ্কলিকে মানসিক অসুস্থতার কারণে দোষী সাব্যস্ত করা হয়নি এবং পরে তাকে উচ্চ নিরাপত্তা মানসিক হাসপাতালে রাখা হয়। বহু বছর পর তাকে মুক্তি দেওয়া হয়।
বিবিসি আরও জানায়, ওই ঘটনার স্মৃতিতে এখনো ওয়াশিংটনের সেই স্থানে একটি স্মারক ফলক সংরক্ষিত রয়েছে।