বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। রোববার (১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থা–র বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন দাবির পরপরই খামেনির পরিবারের সদস্যদের নিহত হওয়ার খবর সামনে আসে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি এবং তার মৃত্যু ইরানের জনগণসহ বিশ্বজুড়ে নিহত বা আহত আমেরিকানদের জন্য ন্যায়বিচার।
তিনি আরও দাবি করেন, উন্নত গোয়েন্দা নজরদারি ব্যবস্থার মাধ্যমে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয় এবং ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমেই এই অভিযান পরিচালিত হয়েছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সদস্যদের অনেকে আর যুদ্ধ চালিয়ে যেতে চান না এবং নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, এখন তারা নিরাপত্তা পেতে পারে, পরে শুধু মৃত্যু অপেক্ষা করবে।
তবে ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ নেতার নিহত হওয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন এবং পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।