কুয়েতের আল আদিরি বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে হামলার পর এবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, কুয়েতের আল আদিরি বিমানঘাঁটিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। রোববার (৮ মার্চ) ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের দাবি অনুযায়ী, হামলায় বিমানঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বড় জ্বালানি ট্যাংক এবং একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এ অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সংকেত শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি কুয়েত কর্তৃপক্ষ।

ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পর বিমানঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে, যা দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের এ সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনা ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970