ইরানে আরও কঠোর হামলা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৫৬ এএম
ইরানে চলমান হামলা আরও কঠোরভাবে চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে গড়িয়েছে। চলতি মাসের শুরুতে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রয়টার্সের প্রতিবেদনে সে সময় বলা হয়, ইরানে হামলার বিষয়ে প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিতেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় ভিন্ন বার্তা দিতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলতেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতির পরিণতি আরও খারাপ হতে পারে।
রোববার (১৫ মার্চ) প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সরাসরি আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ।
প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিয়মিত আরব নেতাদের সঙ্গে কথা বলছেন, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।
হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এসব আলোচনায় সৌদি যুবরাজ ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হামলা অব্যাহত রাখে।
এদিকে মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওয়াশিংটন এখন সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর একটি পরামর্শও বারবার শুনছে। সেই পরামর্শ অনুযায়ী, শত্রুর মূল উৎস বা নেতৃত্বকে পুরোপুরি নির্মূল করে দেওয়াই হতে পারে চূড়ান্ত সমাধান।