শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে না: ট্রাম্প

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, তিনি পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করেছেন।

সফর বাতিলের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই সফরে অযথা সময় নষ্ট হতো এবং তার হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের মধ্যে চরম বিভ্রান্তি ও অন্তর্কোন্দল চলছে, এমনকি তারা নিজেরাও নিশ্চিত নয় বর্তমানে দায়িত্বে কে আছেন।

এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, প্রতিনিধি দলকে দীর্ঘ ১৮ ঘণ্টার ভ্রমণে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তার ভাষায়, সবকিছু এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান চাইলে নিজেরাই যোগাযোগ করতে পারে। অপ্রয়োজনীয় আলোচনার জন্য এত দীর্ঘ সফরের দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ইরান সরাসরি আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রও কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চায়।

তবে ইরানের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়। তেহরান জানায়, বর্তমানে তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদ সফর করে। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথক বৈঠক শেষে একই দিন ইসলামাবাদ ত্যাগ করেন।

বৈঠকে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের অবস্থান ও আপত্তিগুলো পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা ও ফক্স নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970