‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, করতে চান পদত্যাগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আচরণে তিনি ‘অপমানবোধ’ করছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “আমি চলে যেতে চাই। কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক কারণে দায়িত্বে থাকতে হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো বৈঠক করেননি। এমনকি প্রেস ডিপার্টমেন্ট তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে দেশি–বিদেশি দূতাবাসগুলো থেকেও রাষ্ট্রপতির সব প্রতিকৃতি ছবি সরিয়ে ফেলা হয়েছে।
তার ভাষায়, “সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল। এক রাতের মধ্যে সেগুলো হঠাৎ সরিয়ে ফেলা হয়েছে। এতে ভুল বার্তা যায়—মানুষ ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমি অত্যন্ত অপমানিত বোধ করেছি।”
রাষ্ট্রপতি জানান, বিষয়টি নিয়ে তিনি ড. ইউনূসকে চিঠি লিখেছিলেন, তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রয়টার্স জানায়, রাষ্ট্রপতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনূসের প্রেস অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি।
উল্লেখ্য, ৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।