ঢাকায় পৌঁছেছে শরিফ ওসমান হাদির মরদেহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।
মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের ভেতর ও বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, শরিফ ওসমান হাদির মরদেহ যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। এ সময় জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী এই বীরকে শ্রদ্ধা জানাতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে।
এদিকে ইনকিলাব মঞ্চ আরও জানায়, শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ন্যায়বিচারের দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।