পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে?
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
পাবলিক প্লেসে ধূমপান রোধে আইন আরও কঠোর করেছে অন্তর্বর্তী সরকার। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে পাবলিক প্লেসে ধূমপানের পরিধি বাড়ানোর পাশাপাশি জরিমানার অঙ্কও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
নতুন আইনে পাবলিক প্লেসে ধূমপান করলে সর্বোচ্চ জরিমানা নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, যা আগে ছিল ৩০০ টাকা। এছাড়া নির্ধারিত স্থানের বাইরে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই আইন বাস্তবায়নের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের ওপর ন্যস্ত থাকবে। জরিমানা আদায়ের কাজও করবে পুলিশ।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, পাবলিক প্লেসে যদি পুলিশ সদস্যরাই ধূমপান করেন, সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে? জবাবে প্রেস সচিব বলেন, আইন সবার জন্য সমান। পুলিশ সদস্যসহ কেউ যদি পাবলিক প্লেসে ধূমপান করেন, তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
প্রেস সচিব জানান, ৩০ ডিসেম্বর জারি করা গেজেট অনুযায়ী প্রতিবছর দেশে তামাক ও তামাকজাত দ্রব্যের কারণে সরকারি হিসাবে এক লাখ তিন হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ অধ্যাদেশকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ইএনডিএস, এইচটিপি ও নিকোটিন পাউচসহ নতুন ও উদীয়মান তামাকপণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও সরকার সংরক্ষণ করেছে।
আইনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ই-সিগারেটসহ উদীয়মান তামাকপণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জরিমানা ও কারাদণ্ডের মাত্রা বাড়ানো, লাইসেন্স বাতিল এবং মালামাল জব্দের বিধানও রাখা হয়েছে।