চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই: ইসি মাছউদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি মাছউদ বলেন, দেশব্যাপী নির্বাচন কমিশনের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সবাই একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে সেই মানসিকতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও বলেন, এবারের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় ভালো রয়েছে।
নির্বাচন কমিশনার বলেন, চলমান পরিস্থিতি নিয়ে ইসির ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে আরও সহজ ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণ ও কর্মসূচি বাতিল করেছেন, যা নির্বাচন কমিশনের প্রতি আস্থার প্রতিফলন।
রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে ইসি মাছউদ বলেন, দলগুলোর একে অপরের বিরুদ্ধে বক্তব্য ভোটের মাঠের রাজনৈতিক কৌশলের অংশ। তবে সহিংসতা ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শরীফ ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও সভায় অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।