প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার সময় জানাল ইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের সভা, মিছিল, পোস্টার, লিফলেট ও অন্যান্য প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল করায় ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ইসি সূত্র জানায়, এরই মধ্যে দেশের ৪৯টি জেলায় রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যে ব্যালট পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

ইসির সিনিয়র সচিব আরও জানান, ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। ঢাকা-১২ আসনে সর্বাধিক ১৫ জন এবং পিরোজপুর-১ আসনে সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970