মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়ন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা এসব পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, নির্বাচনের দিন ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রস্তুত প্রক্রিয়া পর্যবেক্ষণের বিষয়ে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের ঢাকায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে আগামীকাল সারাদেশে পর্যবেক্ষকদের মোতায়েন করা হবে।
ইইউ জানায়, ইউরোপ থেকে আগত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষকের পাশাপাশি ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়েছেন। এতে করে মিশনের পর্যবেক্ষণ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
এছাড়া, ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। একই সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছেন।
নির্বাচনের দিন ইইউ পর্যবেক্ষকরা শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল প্রস্তুতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন।
নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবেন।