৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট দুই আসনের তফসিল আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
বগুড়া-৬ আসনটি শূন্য হয়, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিলে গত ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করে।