৯ এপ্রিল যে দুই জেলায় সাধারণ ছুটি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয় ও বিভাগের কার্যবণ্টন সংক্রান্ত বিধিমালার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এই ছুটি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, জাতীয় সংসদের ৪১ নম্বর বগুড়া-৬ এবং ১৪৫ নম্বর শেরপুর-৩ শূন্য আসনের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি রেখে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
অন্যদিকে, নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। ফলে এই দুই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।