সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিতর্ক, আইনি ব্যাখ্যা দিলেন শিশির মনির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি বাদ দেওয়ায় আলোচনা শুরু হয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শপথ না নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আইনি অবস্থান ব্যাখ্যা করেন এবং সংশ্লিষ্ট আইনের ধারা তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “মাননীয় সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য শুনলাম। ঐক্যমত্য কমিশনেও অনেক বক্তব্য শুনেছি। তিনি আমার আইন বিভাগের বড় ভাই। সেজন্য মিটিংয়ের বাইরেও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আমার ভাই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। দেখুন এই বিষয়ে আইন কী বলে?”

তিনি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর ৯ নম্বর ধারার ‘শপথ এবং শপথ পাঠ পরিচালনা’ অংশ উদ্ধৃত করেন। সেখানে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই অনুষ্ঠানে তফসিল-২ অনুযায়ী পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ বা ঘোষণা করবেন এবং সংশ্লিষ্ট শপথপত্রে স্বাক্ষর করবেন।

আইনের ২ নম্বর অংশে উল্লেখ রয়েছে, সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের ক্ষেত্রে যিনি সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনা করবেন, তিনিই একই আদেশের তফসিল-২ অনুযায়ী পরিষদ সদস্যদের শপথও পরিচালনা করবেন।

তবে বিএনপি থেকে নির্বাচিত কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও তারা কেউ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তার ভাষ্য, গণভোটের রায় অনুযায়ী পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং কে শপথ পড়াবেন, সে বিধানও সংবিধানে থাকতে হবে। বর্তমানে সংবিধানে পরিষদের শপথের কোনো বিধান নেই বলেও দাবি করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970