ঈদে বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব মানুষের মধ্যে সরকারের বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে। তিনি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড আইডি ও ‘জবাবদিহিতা’ পেজে এই তথ্য জানান সংসদ সদস্য।
হাসনাত আব্দুল্লাহ পোস্টে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে যে দশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, তা যথাযথভাবে বিতরণ করা হয়েছে।’
তিনি জানান, উপজেলার প্রতিটি এলাকায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তালিকা উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ তা যাচাই করতে পারেন।
সংসদ সদস্য আরও জানিয়েছেন, ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই অর্থ ও সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য সকল তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।
তথ্যমতে, নির্ধারিত তালিকার ভিত্তিতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তালিকার ১,০০০ জনকে নগদ এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি ৫০০ জনকে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যেহেতু একই তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই পুরো তালিকাই উন্মুক্ত রাখা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, সহায়তা প্রদানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি; বরং প্রকৃত সুবিধাবঞ্চিতদের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের আওতায় ১,০০০ জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় ৫০০ জনকে সহায়তা দেওয়া হয়েছে, তাই কিছু সুবিধাবঞ্চিত মানুষ বাকি থাকতে পারে।