গণভোট অধ্যাদেশ বাতিলে সরকারি দলের প্রস্তাব, তীব্র আপত্তি জামায়াতের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম
গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব দিয়েছে সরকারি দল বিএনপি, তবে এ প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটি দ্বিতীয় দিনের বৈঠক করেছে। বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দলের সদস্যরা এখন পর্যন্ত অধিকাংশ অধ্যাদেশের বিষয়ে একমতে পৌঁছেছেন। তবে প্রায় ১৫ থেকে ২০টি অধ্যাদেশ নিয়ে মতভেদ রয়েছে, যা আগামী বৈঠকে চূড়ান্ত করার কথা রয়েছে।
সূত্র জানায়, বৈঠকে এ পর্যন্ত ১২টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেশির ভাগ অধ্যাদেশ সংসদে সুপারিশ আকারে উপস্থাপনের বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে। এর মধ্যে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক হয়।
বিশেষ কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিয়েই অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হচ্ছে। জুলাই সুরক্ষা সংক্রান্ত চারটি অধ্যাদেশ হুবহু রাখার বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন।
তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—কিছু অপরিবর্তিতভাবে বিল আকারে পাস করা হবে, কিছু সংশোধন করে আনা হবে এবং যেগুলোতে ঐকমত্য হবে না সেগুলো বাতিল হয়ে যেতে পারে।
অন্যদিকে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, অধিকাংশ কল্যাণকর অধ্যাদেশে একমত হলেও গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব তারা মেনে নেননি। তিনি বলেন, গণভোট অস্বীকার করলে গণআন্দোলনের চেতনা ক্ষুণ্ন হবে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু প্রস্তাবিত অধ্যাদেশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা কমিয়ে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে অধিকাংশ অধ্যাদেশের পর্যালোচনা শেষ হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আগামী বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপনের পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।