সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে: আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছে। তিনি বলেন, বড় বড় কোম্পানি তেল মজুত করেছে, কিন্তু সরকার কোনো অভিযান চালায়নি। এর মাধ্যমে মজুত সিন্ডিকেটের সঙ্গে সরকারের যোগসাজেশ থাকার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের পারচেজিং কমিটিতে থাকার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে এত দুরবস্থা দেখা দেয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোককে প্রশাসক নিয়োগ দিয়ে গণতন্ত্রের ক্ষতি করেছে। প্রশ্ন তোলেন, যাদের মেয়র পদে নির্বাচন করানোর কথা বিএনপি ভাবছে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই যদি তারা নির্বাচন করে, তাহলে বাকিরা ভোটে অংশগ্রহণ করে কি লাভ হবে?
আসিফ মাহমুদ বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যেতে চায়, তাহলে তারা তাদের সহযোগিতা করবে। অন্যথায় জনগণের কাতারে এসে সঠিক পথ বেছে নিতে হবে।
গুমসংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, এই প্রস্তাবের মাধ্যমে বিএনপি প্রমাণ করছে, তারা গুম করতে চায়।
এদিকে অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পালাবদলে বিএনপি উপকৃত হয়েছে। তবে প্রতিবারই তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবারও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যা গণভোট আদালতে নেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে।