প্রশ্ন এটিএম আজহারুল ইসলামের

সবাই রাজি, তাহলে গণভোট নির্বাচনের আগেই হবে না কেন?

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন—যখন সব রাজনৈতিক দলই গণভোটে রাজি, তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে সমস্যা কোথায়? তার দাবি, “জাতীয় নির্বাচনের আগেই গণভোট জরুরি এবং তা হলে অনেক জটিলতার সমাধান সম্ভব।”

শনিবার (২২ নভেম্বর) সকালে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সব দল স্বাক্ষর করেছি। সময় খুব কম, তাই নির্বাচন ও গণভোট—দুটো একসাথে করা কঠিন হবে। তাই আগে গণভোট করাই যুক্তিযুক্ত।”

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারি প্রশাসনকে এখন থেকেই কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রশাসনের অনেকেই এখনো বিশেষ একটি দলের পক্ষ নিয়ে কাজ করছেন। সরকারি চাকরিজীবীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তা হলে আমার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।”

এটিএম আজহারুল ইসলাম জানান, গত কয়েক মাসে তিনি বদরগঞ্জের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে গেছেন এবং ব্যাপক সাড়া পেয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে দাবি করেন তিনি। তরুণদের ‘অংশগ্রহণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা’ তার পক্ষে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচিত হলে এলাকার সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। শ্যামপুর সুগার মিল পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান, “আইনি বাধা না থাকলে চিনিকলটি চালু করে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি করব।”

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্তভাবে কাজ করেছি, নির্বাচিত হলেও দুর্নীতির সঙ্গে আপস করব না। সরকারি বরাদ্দের এক টাকাও ব্যক্তিগতভাবে গ্রহণ করব না।”

দিনব্যাপী মোটরসাইকেল শোডাউনে প্রায় ৪ হাজার বাইক অংশ নেয়। শোভাযাত্রাটি সাহাপুর মাঠ থেকে শুরু হয়ে বদরগঞ্জ ও তারাগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে আবার সাহাপুর মাঠে শেষ হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970